bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Joel 2
Joel 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
সিয়োনে তুরী বাজাও, আমার পবিত্র শৈলে ঘোষণা কর সাবধান বাণী, যিহুদীয়াবাসী হোক কম্পমান, কারণ প্রভুর সেই নির্দিষ্ট দিন এগিয়ে আসছে, আর দেরী নেই।
2
ঘোর তমসাবৃত, অন্ধকারাচ্ছন্ন সেই দিন ঘন মেঘ ও গাঢ় কুয়াশায় ঢাকা। মহাশক্তিশালী অসংখ্য পঙ্গপালের ঝাঁক এগিয়ে আসছে, নিবিড় মেঘের মত ঢেকে ফেলেছে গিরিশ্রেণী। এমনটি কখনও দেখা যায়নি, আর যাবেও না কখনও।
3
তারা যেন সর্বগ্রাসী অগ্নি, তৃণগুল্ম, গাছপালা গ্রাস করে চলে, এদন উদ্যানের মত সবুজ শ্যামল দেশ করে দেয় ঊষর মরুভূমি।
4
তাদের মুখ অশ্বের মত, যুদ্ধের ঘোড়ার মত তারা দৌড়ায়
5
পাহাড়ের উপর দিয়ে তারা উড়ে চলে, তাদের ডানার আওয়াজ যেন রথচক্রের ধ্বনি। তারা যত এগিয়ে আসে, তাদের ডানা ওঠে বিকট আওয়াজ, মনে হয় যেন শুকনো খড়-পাতায় আগুন ধরেছে। রণক্ষেত্রে বিশাল সেনাবাহিনীর মত সারিবদ্ধ হয়ে তারা এগিয়ে চলে।
6
তাদের সম্মুখে সমস্ত জাতি ভীত সন্ত্রস্ত, সবার মুখে নামে ভয়ের কালো ছায়া।
7
যোদ্ধার মত তারা আক্রমণ করে রণনিপুণ সেনানীর মত অবলীলায় তারা প্রাচীর পার হয়ে যায়, নির্দিষ্ট পথ ধরে চলে তাদের শৃঙ্খলাবদ্ধ অভিযান। তারা দিক পরিবর্তন করে না,
8
লক্ষ্যপথে এগিয়ে চলে তারা পরস্পরের গায়ে ছোঁয়া পর্যন্ত লাগে না। অস্ত্র তাদের কোন ক্ষতি করতে পারে না, কিছুই পারে না তাদের গতিরোধ করতে।
9
তারা নগরের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাচীরের উপর দিয়ে দৌড়ায় চোরের মত জানালা দিয়ে ঘরে ঢোকে।
10
তারা যত এগিয়ে চলে, পৃথিবী কাঁপতে থাকে, শিউরে ওঠে আকাশ, সূর্য-চন্দ্র আঁধারে ঢেকে যায়, নক্ষত্রপুঞ্জ হয় দীপ্তিহীন।
11
প্রভু পরমেশ্বর গুরুগম্ভীর গর্জনে আদেশ দেন তাঁর সেনাবাহিনীকে, সেনাবাহিনী তাঁর আদেশ পালন করে। প্রভুর সেই নির্দিষ্ট দিন মহাভয়ঙ্কর, এর হাত থেকে কারো রেহাই নেই।
12
তবু, প্রভু পরমেশ্বর এখনও বলছেন, তোমরা সর্বান্তঃকরণে অনুতাপ কর, উপবাস, ক্রন্দন ও বিলাপ কর, ফিরে এস আমার কাছে।
13
শুধু পরণের কাপড় নয়, হৃদয় চিরে দেখাও তোমার দুঃখরাশি, ফিরে এস তোমাদের প্রভু, পরমেশ্বরের কাছে। তিনি দয়াময় ও স্নেহশীল, সহজে তিনি ক্রুদ্ধ হন না, অবিচল তাঁর প্রেম, শাস্তি নয়, ক্ষমাদানে তিনি চির আগ্রহী।
14
তোমাদের প্রভু পরমেশ্বর মত পাল্টাতেও পারেন, আশীর্বাদে অভিষিক্ত করে তোমাদের দিতে পারেন অঢেল শস্যসম্ভার। তখন তোমরা তাঁকে নিবেদন করতে পারবে ভোগ ও পেয় নৈবেদ্য।
15
সিয়োনে তুরী বাজাও দেশবাসীকে উপবাসের নির্দেশ দাও, ধর্মসভা আহ্বান কর।
16
যিহুদীয়ার প্রজাবৃন্দকে একত্র কর প্রবীণ নেতাদের ডাক ডাক আবাল–বৃদ্ধবণিতা—সবাইকে বাসর ছেড়ে বেরিয়ে আসুক বর, কন্যাও বেরিয়ে আসুক অন্তঃপুর থেকে।
17
মন্দিরের বেদীর কাছে প্রভুর যাজকেরা কেঁদে কেঁদে বলুক, হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজাদের প্রতি দয়া কর অন্য জাতির হাতে তোমার আপন জনদের অপমানিত হতে দিও না তারা আমাদের উপহাস করে যেন বলতে না পারে —কোথায় তোমাদের ঈশ্বর?
18
প্রভু পরমেশ্বর আবার যিহুদীয়া দেশের প্রতি প্রসন্ন হলেন, প্রজাদের প্রতি মমতায় ভরে গেল তাঁর মন।
19
তাদের আবেদনে সাড়া দিয়ে তিনি বললেনঃ দেখ, আমি তোমাদের শস্য, দ্রাক্ষারস ও তেল দেব তাতে তোমরা তৃপ্ত হবে, আমি আর কখনও তোমাদের অন্যান্য জাতির কাছে বিদ্রূপের পাত্র করব না।
20
তোমাদের কাছে থেকে আমি দূর করে দেব উত্তর দিক থেকে আগত পঙ্গপালের ঝাঁক। তাদের কিছু অংশকে তাড়াব মরুভূমিতে আর কিছু অংশকে তাড়াব মরুসাগরে, বাকী অংশকে তাড়িয়ে নিয়ে ভূমধ্যসাগরে ফেলে দেব। তাদের গলিত দেহ থেকে উঠবে দুর্গন্ধ, এ-ই তাদের কর্মফল!
21
হে দেশবাসী ভয় করো না আনন্দ কর, উল্লসিত হও প্রভু পরমেশ্বর তোমাদের জন্য অসাধারণ কীর্তি সাধন করেছেন
22
পশুপাল ভয় করো না, প্রান্তরের চরাণী আবার হয়েছে তৃণশ্যামল বৃক্ষরাজি হয়েছে ফলবান্ ডুমুর বৃক্ষ ও দ্রাক্ষালতা ফলসম্ভারে হয়েছ সমৃদ্ধ
23
হে সিয়োনের অধিবাসী আনন্দ কর, তোমাদের প্রভু পরমেশ্বর তোমাদের জন্য যা করেছেন, তার জন্য উল্লসিত হও। তোমাদের রক্ষা করার জন্য তিনি পর্যাপ্ত বর্ষা দিয়েছেন, মরশুমের প্রথমে ও শেষে আগের মতই বৃষ্টি হয়েছে।
24
এবার খামারগুলি শস্যে পরিপূর্ণ হবে দ্রাক্ষারস ও তেলের পাত্রগুলি উপচে পড়বে।
25
বিগত বছরগুলিতে পঙ্গপালের ঝাঁক তোমাদের যত শস্যহানি করেছিল, সব আমি ফিরিয়ে দেব,তোমাদের বিরুদ্ধে আমিই পাঠিয়েছিলাম এই পঙ্গপালবাহিনী।
26
তোমাদের জন্য প্রচুর খাদ্য থাকবে, খাদ্যে পরিতৃপ্ত হবে তোমরা। যিনি তোমাদের জন্য পরমাশ্চর্য কীর্তি সাধন করেছেন, সেই প্রভু পরমেশ্বরের নাম কীর্তন করবে তোমরা আমার প্রজারা আর কখনও হতমান হবে না,
27
তখন হে ইসরায়েলী,তোমরা জানবে যে আমি তোমাদের মাঝে আছি এবং আমি প্রভু পরমেশ্বরই তোমাদের ঈশ্বর আর কেউ নয়, আমার প্রজারা আর কখনও হতমান হবে না।
28
আগামী দিনে আমি প্রতিটি মানুষের উপর আমার আত্মা বর্ষণ করব, তোমাদের পুত্রকন্যারা ভাবোক্তি করবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, আর তরুণেরা লাভ করবে দিব্যদর্শন।
29
সেদিন আমি দাসদাসীদের উপরেও বর্ষণ করব আমার আত্মা।
30
আমি আকাশ ও পৃথিবীতে সাবধানবাণী রূপে নানা অলৌকিক নিদর্শন দেখাব। সেখানে দেখা যাবে ধোঁয়ার কুণ্ডলী, আগুন আর রক্তপাত।
31
প্রভুর নির্দিষ্ট মহাভয়ঙ্কর দিন আবির্ভাবের আগে সূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র হয়ে যাবে রক্তিম।
32
সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সে-ই রক্ষা পাবে। প্রভু পরমেশ্বর বলেছেনঃ সিয়োন পর্বত শালেম হবে মুক্তি প্রাপ্তদের আশ্রয়স্থল প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3