bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Colossians 1
Colossians 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
আমি পৌল আল্লাহ্র ইচ্ছায় মসীহ্ ঈসার একজন সাহাবী হয়েছি। কলসী শহরে যারা আল্লাহ্র বান্দা ও মসীহের সংগে যুক্ত ঈমানদার ভাই, তাদের কাছে আমি ও ভাই তীমথিয় এই চিঠি লিখছি। আমাদের পিতা আল্লাহ্ তোমাদের রহমত ও শান্তি দান করুন।
3
মসীহ্ ঈসার উপর তোমাদের ঈমান এবং আল্লাহ্র সব বান্দাদের প্রতি তোমাদের মহব্বতের কথা আমরা শুনেছি, আর সেইজন্য যতবার আমরা তোমাদের জন্য মুনাজাত করি ততবারই আমাদের হযরত ঈসা মসীহের পিতা আল্লাহ্কে আমরা শুকরিয়া জানিয়ে থাকি।
5
বেহেশতে তোমাদের জন্য যা জমা করা আছে তা পাবার আশা থেকেই তোমাদের মধ্যে এই ঈমান ও মহব্বত জন্মেছে। যে সুসংবাদ, অর্থাৎ সত্যের কালাম তোমাদের কাছে পৌঁছেছে তার মধ্যেই তোমরা এই আশার কথা শুনেছ্।
6
এই সুসংবাদ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে ফল জন্মাচ্ছে এবং দিন দিন এগিয়ে যাচ্ছে। যেদিন তোমরা এই সুসংবাদ শুনেছ এবং আল্লাহ্র রহমতের কথা সত্যি করে জেনেছ সেই দিন থেকে তা তোমাদের মধ্যেও ঠিক তেমনিভাবে কাজ করছে।
7
সেই সুসংবাদের কথা তোমরা আমাদের প্রিয় সহ-গোলাম ইপাফ্রার কাছে শুনেছ। তিনি তোমাদের পক্ষ থেকে মসীহের একজন বিশ্বস্ত সেবাকারী।
8
পাক-রূহ্ তোমাদের যে মহব্বতের মনোভাব দান করেছেন তার সম্বন্ধে ইপাফ্রা আমাদের জানিয়েছেন।
9
এইজন্য তোমাদের সম্বন্ধে শুনবার পর থেকেই আমরা সব সময় তোমাদের জন্য মুনাজাত করছি। রূহানী জ্ঞান ও বুদ্ধির দ্বারা যেন তোমরা আল্লাহ্র ইচ্ছা সম্পূর্ণভাবে বুঝতে পার আমরা তা-ই আল্লাহ্র কাছে চাইছি।
10
এতে যেন তোমরা সৎ কাজ করে ফলবান হও এবং আল্লাহ্কে আরও ভাল করে জানতে পার; আর এইভাবে যেন সব কিছুতে প্রভুকে সন্তুষ্ট করবার জন্য তাঁর যোগ্য হয়ে চলতে পার।
11
এটা সম্ভব, কারণ আল্লাহ্ তাঁর মহাশক্তি অনুসারে সমস্ত শক্তি দিয়ে তোমাদের শক্তিমান করছেন যাতে তোমরা সব সময় আনন্দের সংগে ধৈর্য ধরে সব সহ্য কর এবং পিতা আল্লাহ্কে শুকরিয়া জানাও। নূরের রাজ্যে আল্লাহ্র বান্দারা যে অধিকার লাভ করবে তার ভাগী হবার জন্য তিনি তোমাদের উপযুক্ত করে তুলেছেন,
13
কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে তাঁর প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন।
14
এই পুত্রের সংগে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা গুনাহের মাফ পেয়েছি।
15
এই পুত্রই হলেন অদৃশ্য আল্লাহ্র হুবহু প্রকাশ। সমস্ত সৃষ্টির আগে তিনিই ছিলেন এবং সমস্ত সৃষ্টির উপরে তিনিই প্রধান,
16
কারণ আসমান ও জমীনে, যা দেখা যায় আর যা দেখা যায় না, সব কিছু তাঁর দ্বারা সৃষ্ট হয়েছে। আসমানে যাদের হাতে রাজত্ব, কর্তৃত্ব, শাসন ও ক্ষমতা রয়েছে তাদের সবাইকে তাঁকে দিয়ে তাঁরই জন্য সৃষ্টি করা হয়েছে।
17
তিনিই সব কিছুর আগে ছিলেন এবং তাঁরই মধ্য দিয়ে সব কিছু টিকে আছে।
18
এছাড়া তিনিই তাঁর শরীরের, অর্থাৎ জামাতের মাথা। তিনিই প্রথম আর তিনিই মৃত্যু থেকে প্রথম জীবিত হয়েছিলেন, যেন সব কিছুতে তিনিই প্রধান হতে পারেন।
19
আল্লাহ্ চেয়েছিলেন যেন তাঁর সব পূর্ণতা মসীহের মধ্যেই থাকে।
20
তা ছাড়া দুনিয়াতে হোক বা বেহেশতে হোক, মসীহের মধ্য দিয়ে তাঁর নিজের সংগে সব কিছুর মিলনও তিনি চেয়েছিলেন। মসীহ্ ক্রুশের উপর তাঁর রক্ত দান করে শান্তি এনেছিলেন বলেই এই মিলন হতে পেরেছে।
21
এক সময় তোমরা আল্লাহ্র কাছ থেকে দূরে ছিলে এবং তাঁর বিরুদ্ধে তোমাদের মনে শত্রুভাব ছিল। তোমাদের খারাপ কাজের মধ্যে তা প্রকাশ পেয়েছে।
22
কিন্তু মসীহের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর শরীরের দ্বারা আল্লাহ্ নিজের সংগে এখন তোমাদের মিলিত করেছেন, যেন তিনি তোমাদের পবিত্র, নিখুঁত ও নির্দোষ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন।
23
অবশ্য এর জন্য মসীহের বিষয়ে সুসংবাদ থেকে যে নিশ্চিত আশা তোমরা পেয়েছ তা থেকে দূরে সরে না গিয়ে তোমাদের ঈমানে স্থির থাকতে হবে। সেই সুসংবাদ সারা দুনিয়াতে তবলিগ করা হয়েছে এবং তোমরা তা শুনেছ। আমি পৌল এই সুসংবাদের তবলিগকারী হয়েছি।
24
তোমাদের জন্য আমি যে কষ্ট ভোগ করছি তাতে আমি আনন্দই পাচ্ছি। মসীহের শরীরের, অর্থাৎ জামাতের জন্য তাঁর যে দুঃখভোগ এখনও বাকী আছে তা আমি আমার শরীরেই পূর্ণ করছি।
25
আল্লাহ্ তাঁর কালাম তোমাদের কাছে সম্পূর্ণভাবে তবলিগ করবার ভার আমার উপর দিয়েছেন বলেই আমি জামাতের একজন সেবাকারী হয়েছি।
26
আল্লাহ্র কালামের মধ্যে যে গোপন সত্য আগেকার লোকদের কাছে যুগ যুগ ধরে লুকানো ছিল, এখন তাঁর বান্দাদের কাছে তা প্রকাশিত হয়েছে।
27
আল্লাহ্ চাইলেন, অ-ইহুদীদের মধ্যেও তাঁর এই গোপন সত্যের মহা গৌরব যে কি, তা যেন তাঁর সব বান্দারা জানতে পারে। সেই সত্য এই-মসীহ্ তোমাদের দিলে আছেন বলে তোমরা মহিমা পাবার আশ্বাস পেয়েছ।
28
আর সেই মসীহের বিষয় আমরা তবলিগ করি, অর্থাৎ আল্লাহ্র দেওয়া অসীম জ্ঞানের সংগে আমরা প্রত্যেক লোককে সতর্ক করি ও শিক্ষা দিই, যেন প্রত্যেককেই আমরা মসীহের মধ্য দিয়ে পূর্ণ করে তুলতে পারি।
29
এই উদ্দেশ্যেই আল্লাহ্র যে মহাশক্তি আমার মধ্যে কাজ করছে সেই শক্তি অনুসারে আমি প্রাণপণ পরিশ্রম করছি।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4