bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Colossians 1
Colossians 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
আমি পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত্ হয়েছি। কলসী শহরে যারা ঈশ্বরের লোক ও খ্রীষ্টের সংগে যুক্ত বিশ্বাসী ভাই, তাদের কাছে আমি ও ভাই তীমথিয় এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর তোমাদের দয়া করুন ও শান্তি দান করুন।
3
খ্রীষ্ট যীশুর উপর তোমাদের বিশ্বাস এবং ঈশ্বরের সব লোকদের প্রতি তোমাদের ভালবাসার কথা আমরা শুনেছি, আর সেইজন্য যতবার আমরা তোমাদের জন্য প্রার্থনা করি ততবারই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিয়ে থাকি।
5
স্বর্গে তোমাদের জন্য যা জমা করা আছে তা পাবার আশা থেকেই তোমাদের মধ্যে এই বিশ্বাস ও ভালবাসা জন্মেছে। যে সুখবর, অর্থাৎ সত্যের বাক্য তোমাদের কাছে পৌঁছেছে তার মধ্যেই তোমরা এই আশার কথা শুনেছ্।
6
এই সুখবর সারা জগতে ছড়িয়ে পড়ে ফল জন্মাচ্ছে এবং দিন দিন এগিয়ে যাচ্ছে। যেদিন তোমরা এই সুখবর শুনেছ এবং ঈশ্বরের দয়ার কথা সত্যি করে জেনেছ সেই দিন থেকে তা তোমাদের মধ্যেও ঠিক তেমনিভাবে কাজ করছে।
7
সেই সুখবরের কথা তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছে শুনেছ। তিনি তোমাদের পক্ষ থেকে খ্রীষ্টের একজন বিশ্বস্ত সেবাকারী।
8
পবিত্র আত্মা তোমাদের যে ভালবাসার মনোভাব দান করেছেন তার সম্বন্ধে ইপাফ্রা আমাদের জানিয়েছেন।
9
এইজন্য তোমাদের সম্বন্ধে শুনবার পর থেকেই আমরা সব সময় তোমাদের জন্য প্রার্থনা করছি। আত্মিক জ্ঞান ও বুদ্ধির দ্বারা যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণভাবে বুঝতে পার আমরা তা-ই ঈশ্বরের কাছে চাইছি।
10
এতে যেন তোমরা সৎ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরকে আরও ভাল করে জানতে পার; আর এইভাবে যেন সব কিছুতে প্রভুকে সন্তুষ্ট করবার জন্য তাঁর যোগ্য হয়ে চলতে পার।
11
এটা সম্ভব, কারণ ঈশ্বর তাঁর মহা শক্তি অনুসারে সমস্ত শক্তি দিয়ে তোমাদের শক্তিমান করছেন যাতে তোমরা সব সময় আনন্দের সংগে ধৈর্য ধরে সব সহ্য কর এবং পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও। আলোর রাজ্যে ঈশ্বরের লোকেরা যে অধিকার লাভ করবে তার ভাগী হবার জন্য তিনি তোমাদের উপযুক্ত করে তুলেছেন,
13
কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে তাঁর প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন।
14
এই পুত্রের সংগে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি।
15
এই পুত্রই হলেন অদৃশ্য ঈশ্বরের হুবহু প্রকাশ। সমস্ত সৃষ্টির আগে তিনিই ছিলেন এবং সমস্ত সৃষ্টির উপরে তিনিই প্রধান,
16
কারণ আকাশে ও পৃথিবীতে, যা দেখা যায় আর যা দেখা যায় না, সব কিছু তাঁর দ্বারা সৃষ্ট হয়েছে। মহাকাশে যাদের হাতে রাজত্ব, কর্তৃত্ব, শাসন ও ক্ষমতা রয়েছে তাদের সবাইকে তাঁকে দিয়ে তাঁরই জন্য সৃষ্টি করা হয়েছে।
17
তিনিই সব কিছুর আগে ছিলেন এবং তাঁরই মধ্য দিয়ে সব কিছু টিকে আছে।
18
এছাড়া তিনিই তাঁর দেহের, অর্থাৎ মণ্ডলীর মাথা। তিনিই প্রথম আর তিনিই মৃত্যু থেকে প্রথম জীবিত হয়েছিলেন, যেন সব কিছুতে তিনিই প্রধান হতে পারেন।
19
ঈশ্বর চেয়েছিলেন যেন তাঁর সব পূর্ণতা খ্রীষ্টের মধ্যেই থাকে।
20
তা ছাড়া পৃথিবীতে হোক বা স্বর্গে হোক, খ্রীষ্টের মধ্য দিয়ে তাঁর নিজের সংগে সব কিছুর মিলনও তিনি চেয়েছিলেন। খ্রীষ্ট ক্রুশের উপর তাঁর রক্ত দান করে শান্তি এনেছিলেন বলেই এই মিলন হতে পেরেছে।
21
এক সময় তোমরা ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলে এবং তাঁর বিরুদ্ধে তোমাদের মনে শত্রুভাব ছিল। তোমাদের মন্দ কাজের মধ্যে তা প্রকাশ পেয়েছে।
22
কিন্তু খ্রীষ্টের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর দেহের দ্বারা ঈশ্বর নিজের সংগে এখন তোমাদের মিলিত করেছেন, যেন তিনি তোমাদের পবিত্র, নিখুঁত ও নির্দোষ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন।
23
অবশ্য এর জন্য খ্রীষ্টের বিষয়ে সুখবর থেকে যে নিশ্চিত আশা তোমরা পেয়েছ তা থেকে দূরে সরে না গিয়ে তোমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে। সেই সুখবর সারা জগতে প্রচার করা হয়েছে এবং তোমরা তা শুনেছ। আমি পৌল এই সুখবরের প্রচারক হয়েছি।
24
তোমাদের জন্য আমি যে কষ্ট ভোগ করছি তাতে আমি আনন্দই পাচ্ছি। খ্রীষ্টের দেহের, অর্থাৎ মণ্ডলীর জন্য তাঁর যে দুঃখভোগ এখনও বাকী আছে তা আমি আমার দেহেই পূর্ণ করছি।
25
ঈশ্বর তাঁর বাক্য তোমাদের কাছে সম্পূর্ণভাবে প্রচার করবার ভার আমার উপর দিয়েছেন বলেই আমি মণ্ডলীর একজন সেবাকারী হয়েছি।
26
ঈশ্বরের বাক্যের মধ্যে যে গুপ্ত সত্য আগেকার লোকদের কাছে যুগ যুগ ধরে লুকানো ছিল, এখন তাঁর লোকদের কাছে তা প্রকাশিত হয়েছে।
27
ঈশ্বর চাইলেন, অযিহূদীদের মধ্যেও তাঁর এই গুপ্ত সত্যের মহা গৌরব যে কি, তা যেন তাঁর সব লোকেরা জানতে পারে। সেই সত্য এই-খ্রীষ্ট তোমাদের অন্তরে আছেন বলে তোমরা মহিমা পাবার আশ্বাস পেয়েছ।
28
আর সেই খ্রীষ্টের বিষয় আমরা প্রচার করি, অর্থাৎ ঈশ্বরের দেওয়া অসীম জ্ঞানের সংগে আমরা প্রত্যেক লোককে সতর্ক করি ও শিক্ষা দিই, যেন প্রত্যেককেই আমরা খ্রীষ্টের মধ্য দিয়ে পূর্ণ করে তুলতে পারি।
29
এই উদ্দেশ্যেই ঈশ্বরের যে মহা শক্তি আমার মধ্যে কাজ করছে সেই শক্তি অনুসারে আমি প্রাণপণ পরিশ্রম করছি।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4