bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Lamentations 1
Lamentations 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
1
হায়! যে শহর একদিন লোকজনে পরিপূর্ণ ছিল সে কেমন একা পড়ে রয়েছে। যে শহর একদিন জাতিদের মধ্যে প্রধান ছিল, সে এখন বিধবার মত হয়েছে। যে ছিল প্রদেশগুলোর রাণী সে এখন হয়েছে দাসী।
2
সে রাতের বেলা খুব কাঁদতে থাকে, চোখের জলে তার গাল ভেসে যায়। তার প্রেমিকদের মধ্যে তাকে সান্ত্বনা দেবার জন্য একজনও নেই। তার বন্ধুরা সবাই তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে; তারা সকলেই তার শত্রু হয়েছে।
3
কষ্ট ও কঠিন পরিশ্রমের পর যিহূদা দূরে বন্দীদশায় গেছে। সে বিভিন্ন জাতির মধ্যে বাস করছে; কোথাও সে বিশ্রামস্থান পায় নি। যারা তাকে তাড়া করছিল তারা তার কষ্টের মধ্যেই তাকে ধরে ফেলেছে।
4
সিয়োনের রাস্তাগুলো শোক করছে, কারণ নির্দিষ্ট পর্বে কেউ আর আসে না। তার সব ফটকে ঢুকবার পথ খালি। তার পুরোহিতেরা কাত্রাচ্ছে, যুবতী মেয়েরা দুঃখ করছে, তাতে সে মনে খুব ব্যথা পাচ্ছে।
5
তার বিপক্ষেরা তার মনিব হয়েছে; তার শত্রুরা আরামে আছে। তার অনেক পাপের জন্য সদাপ্রভুই তাকে দুঃখ দিয়েছেন। তার ছোট ছোট ছেলেমেয়ে বন্দী হয়ে শত্রুর আগে আগে গেছে।
6
সিয়োন-কন্যার সব জাঁকজমক চলে গেছে। তার নেতারা এমন সব হরিণের মত যারা চরবার জায়গা পায় না; তারা দুর্বল হয়ে তাদেরই আগে আগে পালিয়ে গেছে যারা তাদের তাড়া করছে।
7
যিরূশালেম তার কষ্টের আর ঘুরে বেড়াবার দিনগুলোতে তার পুরানো দিনের ধন-সম্পদের কথা মনে করছে। তার লোকেরা যখন শত্রুর হাতে পড়েছিল তখন তাকে সাহায্য করার কেউ ছিল না। তার শত্রুরা তার দিকে তাকিয়ে তার ধ্বংসের জন্য ঠাট্টা-বিদ্রূপ করেছিল।
8
যিরূশালেম খুব পাপ করেছে, তাই সে অশুচি হয়ে গেছে। যারা তাকে সম্মান করত তারা সবাই তাকে তুচ্ছ করছে, কারণ তারা তার উলংগ অবস্থা দেখেছে; সে দীর্ঘনিঃশ্বাস ফেলছে ও মুখ লুকাচ্ছে।
9
তার নোংরামি তার কাপড়ে লেগে আছে; তার ভবিষ্যতের কথা সে চিন্তা করে নি। সে ভীষণভাবে পড়ে গেছে; তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। সে বলছে, “হে সদাপ্রভু, আমার কষ্ট দেখ, কারণ শত্রু জয়লাভ করেছে।”
10
শত্রু তার সব মূল্যবান জিনিসের উপর হাত দিয়েছে; দেবতা-পূজাকারী জাতিদের সে তার পবিত্র জায়গায় ঢুকতে দেখেছে। এরা সেই লোক যাদের তুমি তোমার সমাজে ঢুকতে নিষেধ করেছিলে।
11
তার সব লোকেরা কাত্রাতে কাত্রাতে খাবারের খোঁজ করছে; নিজেদের বাঁচিয়ে রাখবার জন্য তারা খাবারের বদলে তাদের মূল্যবান জিনিস দিয়ে দিয়েছে। যিরূশালেম বলছে, “হে সদাপ্রভু, তাকাও, ভেবে দেখ, আমাকে তুচ্ছ করা হয়েছে।
12
তোমরা যারা আমার পাশ দিয়ে যাও তোমাদের কি কিছুই যায়-আসে না? একটু ঘুরে তাকিয়ে দেখ। আমাকে যে যন্ত্রণা দেওয়া হয়েছে সেই রকম যন্ত্রণা কি আর কাউকে দেওয়া হয়েছে, যা সদাপ্রভু তাঁর জ্বলন্ত ক্রোধের দিনে আমাকে দিয়েছেন?
13
তিনি উপর থেকে আমার হাড়গোড়ের মধ্যে আগুন পাঠিয়েছেন। আমার পায়ের জন্য তিনি জাল বিছিয়েছেন এবং আমাকে পিছন ফিরতে বাধ্য করেছেন। তিনি আমাকে জনশূন্য করে দিয়েছেন, সারাদিন দুর্বল করে রেখেছেন।
14
আমার সব পাপ তিনি জোয়ালের মত বেঁধেছেন; তিনি হাত দিয়ে সেগুলো একসংগে বুনেছেন। সেগুলো আমার ঘাড়ের উপর দেওয়া হয়েছে; সদাপ্রভুই আমার শক্তিকে দুর্বল করেছেন। যাদের আমি বাধা দিতে পারি না তাদের হাতেই তিনি আমাকে তুলে দিয়েছেন।
15
সদাপ্রভুই আমার মধ্যেকার সব যোদ্ধাদের বাতিল করেছেন; আমার যুবকদের গুঁড়িয়ে দেবার জন্য আমার বিরুদ্ধে একটা সময় ঠিক করেছেন। আংগুর মাড়াইয়ের গর্তে কুমারী কন্যা যিহূদাকে তিনি পায়ে মাড়িয়েছেন।
16
সেইজন্যই আমি কাঁদছি, আমার চোখ জলে ভেসে যাচ্ছে। আমাকে সান্ত্বনা দেবার জন্য আমার কাছে কেউ নেই, কেউ নেই যে আমার প্রাণ জুড়িয়ে দেয়। আমার ছেলেমেয়েরা একা হয়ে গেছে, কারণ শত্রু জয়ী হয়েছে।”
17
সিয়োন তার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। সদাপ্রভু যাকোবের জন্য এই আদেশ দিয়েছেন যে, তার প্রতিবেশীরা তার শত্রু হবে। তাদের মধ্যে যিরূশালেম হয়েছে একটা অশুচি জিনিস।
18
সে বলছে, “সদাপ্রভু ন্যায়বান, আমি তো তার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। সমস্ত জাতিরা শোন, আমার কষ্ট দেখ; আমার যুবক-যুবতীরা বন্দী হয়ে দূরে চলে গেছে।
19
আমার প্রেমিকদের আমি ডাকলাম কিন্তু তারা আমার প্রতি বিশ্বাসঘাতকতা করল। আমার পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা নিজেদের বাঁচিয়ে রাখবার জন্য খাবার খুঁজতে খুঁজতে শহরের মধ্যেই শেষ হয়ে গেল।
20
হে সদাপ্রভু, দেখ, আমি কেমন কষ্ট পাচ্ছি! আমার ভিতরেও যন্ত্রণা হচ্ছে। আমার অন্তর ব্যাকুল হয়েছে, কারণ আমি ভীষণ বিদ্রোহী হয়েছি। শহরের বাইরে তলোয়ার নিচ্ছে প্রাণ, আর ভিতরে আছে কেবল মৃত্যু।
21
লোকে আমার দীর্ঘনিঃশ্বাস শুনেছে, কিন্তু আমাকে সান্ত্বনা দেবার কেউ নেই। আমার সব শত্রুরা আমার কষ্টের কথা শুনেছে; তুমি যা করেছ তা দেখে তারা আনন্দ করছে। যে দিনের কথা তুমি ঘোষণা করেছ সেই দিন তুমি আন যাতে তারা আমার মত হতে পারে।
22
তাদের সব দুষ্টতা তোমার চোখে পড়ুক। আমার সব পাপের জন্য তুমি আমার প্রতি যেমন করেছ তাদের প্রতিও তা-ই কর। আমার দীর্ঘনিঃশ্বাস বেশী, আমি মন-মরা হয়ে পড়েছি।”
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5